বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, ‘‘ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন আদালতের মুখোমুখি হোন।’’
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন
বিগত সরকারের সমালোচনা করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে, প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।
আইন আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টির নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে বিএনপি দলীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের মতবিনিময় সভায় ত্যাগী নেতার মূল্যায়ন নিয়ে বেশ হট্টগোল সৃষ্টি হয়।
মন্ত্রী বলেন, ‘‘বিএনপি কিন্তু এই দেশে থেকে এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় ভরা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও কিন্তু বিএনপির নেতাকর্মীকে মনোবল একটুও টলাতে পারেনি এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কমতি দেখায়নি।’’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















