বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে জাপানের টয়োটা তুশো করপোরেশন। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) উৎপাদন শিল্প স্থাপনের কাজ শুরু হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ পরিকল্পনার কথা জানায়।
বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখার আগ্রহের কথাও জানায় টয়োটা পক্ষ।
টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।
টয়োটা পক্ষ জানায়, বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দেশের সব বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে টয়োটার গাড়ি ও সেবা আরো সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে জানানো হয়, ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু হবে। ২০২৯ সালের মধ্যে এ প্রকল্প পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নেও অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে টয়োটা। বিশেষ করে তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে সম্ভাব্য উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

রিপোর্টারের নাম 























