রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামিসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও শুকতাইল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা শাখা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা শাখা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবেদ আলী শেখকে এবং বাংলামোটর এলাকা হতে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।
এদিকে গত রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেপ্তার জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল। এ ছাড়া সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
ডিবি সূত্রে আরও জানা যায়, গত রাতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল এবং রাজধানীতে অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























