চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার বড় ধরনের ধসের মুখে পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার নেমে এসেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে, যেখানে গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ বছরও ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় তুলনামূলক বেশি। ছাত্রদের মধ্যে পাস করেছেন ৬৫ দশমিক ৮৮ শতাংশ, আর ছাত্রীদের মধ্যে এই হার ৭১ দশমিক ০৩ শতাংশ। টানা দশমবারের মতো পাসের হারে এগিয়ে রইল মেয়েরা
এবার জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অথচ গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। ফলাফলে সামগ্রিকভাবে যেমন পাসের হার কমেছে, তেমনি কমেছে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।
শিক্ষাবোর্ডগুলোর ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান হলেও পাশের হারে বড় রকমের পতন ঘটেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-অভিভাবকেরা।
ফল যেভাবে দেখা যাবে
এসএসসি পরীক্ষার্থীরা http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে। মোবাইল ফোনে ফল পেতে হলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025
এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025
দাখিল পরীক্ষার্থীদের জন্য একই নিয়ম প্রযোজ্য। তারা চাইলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.bmeb.gov.bd-এ গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে। মোবাইলে জানতে হলে লিখতে হবে:
Dakhil MAD <রোল নম্বর> 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: Dakhil MAD 123456 2025
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশনে ক্লিক করে ফল সংগ্রহ করতে পারবেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















