দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মে মাসে।এ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার। মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন বা ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৯.০৯ শতাংশ বেশি।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















