রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. রাকিবলু ইসলাম ওরফে ইমেল (২৬) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, রাকিবলু ইসলাম পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে রাকিবলু বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে তাঁর ওপর নজরদারি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর বুধবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানায়, গ্রেপ্তার রাকিবলুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
পুঠিয়া থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক : 
























