ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। আসনটিতে দলীয় প্রার্থী হওয়ার প্রত্যাশায় অন্তত ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সাবেক ও বর্তমান ছাত্রদল নেত্রীদের সংখ্যাই বেশি। পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী এবং বিএনপির প্রভাবশালী নেতাদের স্ত্রী ও কন্যারাও মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সকাল থেকেই কার্যালয় এলাকায় নেত্রীদের উপস্থিতিতে সরব পরিবেশ তৈরি হয়। দিনভর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা ফরম সংগ্রহ করেন। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার টাকা।
বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা তারিকুল ইসলাম তেনজিং বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে। এ জন্য প্রার্থীদের জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্লোগান, ছোট ছোট দলে আলোচনা এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশে মুখর ছিল পুরো এলাকা। সংরক্ষিত নারী আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় নেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ করা গেছে।
ফরম সংগ্রহকারীদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আসমা আজিজ। এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লাসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
যেভাবে শূন্য হয় আসনটি
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তী সময়ে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন পেতে বিপুলসংখ্যক নারী নেত্রীর আগ্রহ এখন দলটির রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























