অনুমতি ছাড়া ছবি প্রকাশ ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আইনজীবী শুভ্র সিনহা রায়।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করেছেন বাদী। মামলা দুটি বর্তমানে চলমান রয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Tanjin Tisha’ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান। এ ছাড়া দেশের গণমাধ্যমেও তিনি ভুল তথ্য উপস্থাপন করছেন বলে অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর তিশা তার ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’
বাদীর অভিযোগ, ওই ঘটনার ধারাবাহিকতায় তিশা তার ছবি ফেসবুকে প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করছেন।
নোটিশে বলা হয়েছে, তিশা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। তবে বাদী ও ছবিতে থাকা অপর নারী আপন বোন নন বলে নোটিশে দাবি করা হয়েছে। বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং অপর নারী একজন উদ্যোক্তা। তাদের মধ্যে পরিচয় থাকলেও তিশা সেই সম্পর্ককে নেতিবাচকভাবে উপস্থাপন করে বাদীর মানহানি করছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া তিশা তার ফেসবুক পোস্টে দুই শিশুর ছবি প্রকাশ করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এসব ছবি প্রকাশের ক্ষেত্রে বাদী ও শিশুদের পরিবারের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। নোটিশে বিষয়টিকে সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে বাদীর কোনো ছবি ওই পেজে প্রকাশ না করারও দাবি জানানো হয়েছে।
অন্যথায় আর্থিক ক্ষতিপূরণসহ মানহানির অভিযোগে এবং সাইবার ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে আইনগত প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















