শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জনগণ রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে যারা সস্তা রাজনীতির আশ্রয় নেয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করছেন।
নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস সুবিধা, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।
অনুষ্ঠানে ডিএনসিসি এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা, আক্রান্ত রোগী শনাক্ত এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















