গত অক্টোবরে নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এর ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা অভিনয়ের বিষয়টি আলোচনায় আসে। এবার গত বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব নিজেই পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের কথা জানিয়েছেন।
তবে ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেননি তিনি। এমনকি কোন সিনেমা বা পরিচালকের প্রজেক্টে তাঁকে দেখা যাবে, সেটিও স্পষ্ট করেননি। ফলে শাকিবের বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
ইতিমধ্যে আগামী বছরের দুই ঈদে শাকিব খানের দুটি সিনেমা মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবং কোরবানির ঈদে হিমেল আশরাফের সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে এখনো কোনো সিনেমার নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
পারিবারিক ও রোমান্টিক গল্পের আবহে নির্মিত হতে যাচ্ছে ‘মহব্বত’। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দুটি সিনেমাতেই তাঁর বিপরীতে ছিলেন বিদেশি অভিনেত্রী।
অন্যদিকে, চলতি সপ্তাহেই ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিবের নতুন সিনেমার নাম ও বিস্তারিত জানানোর কথা রয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে আসতে পারে নায়িকার নামও। এর আগে এই পরিচালকের ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান।
সব মিলিয়ে পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে শাকিবের নতুন সিনেমার গুঞ্জন আরও জোরালো হলেও চূড়ান্ত তথ্য জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























