নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের এক মাদ্রাসা প্রাঙ্গণে ওই শিক্ষককে পিটুনি দেওয়া হয়। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























