গোপালগঞ্জে বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আরেকটি ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাল্গুনী পরিবহন নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত মহিবুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের মোকাররম মোল্যার ছেলে।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিবুল মোল্লা চন্দ্রদিঘলীয়া হাট থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চন্দ্রদিঘলীয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় বাসটি একটি ইজিবাইককেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহিবুল নিহত হন এবং ইজিবাইকের তিন যাত্রী আহত হন।
নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ও আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















