‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সঞ্চালনা করেন তাহসান। ইতোপূর্বে এই গেম শোর দুটি সিজন সঞ্চালনা করেছেন এই তারকা। এর মধ্যে দ্বিতীয় সিজন টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ পেয়েছে বলে দাবি প্ল্যাটফর্ম বঙ্গের।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, “ফ্যামিলি ফিউড’ সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!”
অনুষ্ঠানের নির্মাতারা জানান, এর সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশের সব জেলায় জরিপ চালানো হয়েছিল, যাতে সারাদেশের মানুষের মতামত ফ্যামিলি ফিউডের মঞ্চে উঠে আসে। এছাড়া অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়, যা সবাইকে আরো আকৃষ্ট করছে।
আগের মতো এবারও ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে, আর ডিজিটালে দেখা যাবে বঙ্গ-তে। আগ্রহী পরিবারগুলো বঙ্গ-র নির্দিষ্ট আবেদন লিংকে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন: apply.bongobd.com/applyfamilyfeudbangladesh/
এছাড়া বঙ্গের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমেও আবেদন করা যাবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















