‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে। আমি আমার ভাইকে চাই।’ এমন আহাজারিতে ভারী হয়ে উঠেছে নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের পরিবেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা সোহেল রানার মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার বোন। একই ঘটনায় নিহত অপর বিএনপি নেতা শাহীন ইসলামের পরিবারেও চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে নিহত দুজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়। এ সময় স্বজন ও দলীয় নেতাকর্মীদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন। আহত হন আরো পাঁচজন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ি অতিক্রম করে বেন্দারচর এলাকায় পৌঁছায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগের লোকজন শোভাযাত্রায় অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিহত শাহীন ইসলামের স্ত্রী বিউটি বেগম জানান, তার স্বামী কালিয়া বাজারের একটি টিভি-ফ্রিজের শোরুমে মাসে ১০ হাজার টাকা বেতনে কাজ করতেন। সেই আয় দিয়েই সন্তানদের নিয়ে কোনোরকমে সংসার চলত। বাড়িতে একটি ঘর ছাড়া আর কিছুই নেই। নিজের ওষুধ কেনার টাকাও নেই। স্বামীকে হারিয়ে এখন সব শেষ হয়ে গেছে। সন্তানরা এতিম হয়ে গেল। দলের ও পদের জন্য আজ তাকে জীবন দিতে হলো। তিনি বলেন, “আমি আজ বিধবার পরিচয় পেলাম।
নিহত সোহেল রানার মা বলেন, “আমার মতো সন্তানহারা আর কোনো মা যেন না হন। কোনো মাকে যেন এভাবে কাঁদতে না হয়। পাহাড়ের মতো বড় ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।”
নিহত শাহীন ইসলাম কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিন শেখের ছেলে। আর সোহেল রানা ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্যার ছেলে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















