বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাশরাফী বিন মোর্ত্তজা। দেশসেরা পেসার, ওয়ানডেতে দেশের সফলতম অধিনায়ক তিনি। এখন নড়াইল দুই আসনের এমপি এ ক্রিকেট তারকা। কিন্তু একটু ফুসরত পেলেই নিজ জেলা নড়াইলে গেলেই শৈশব-কৈশোরের সকল পেশার বন্ধুদের সঙ্গে সময় কাটান নড়াইল এক্সপ্রেস।
এবারও নড়াইলে গিয়ে বন্ধু চর্মকার রবির সঙ্গে গল্প-আড্ডায় মাতেন মাশরাফী বিন মোর্ত্তজা। সেই আড্ডার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, ছোটবেলা থেকেই ডানপিঠে মাশরাফী বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়েই মাঠে আড্ডা ও খেলাধুলায় মেতে থাকতেন। তার দুরন্তপনায় গাছের ফল পাড়াসহ নানা মজার কাণ্ড জড়িয়ে রয়েছে। সেই সময় বন্ধুরাও নিঃস্বার্থভাবে মাশরাফিকে সঙ্গ দিয়েছে। সেই বন্ধুত্বের ভালোবাসা ভুলেননি ম্যাশ। সময়-সুযোগ পেলেই ছুটে যান বন্ধুদের কাছে। এবার নড়াইল চৌরাস্তার মোড়ে চর্মকার রবির কাছে ছুটে যান ক্রিকেটের মাঠ কাঁপিয়ে বর্তমানে রাজনীতির মাঠ কাঁপানো ম্যাশ।
গত ১৮ ডিসেম্বর বন্ধু রবির খোলা দোকানে আধা ঘণ্টা আড্ডা দেন মাশরাফি। রবি যখন জুতা সেলাই করছেন তখন ম্যাশ হুডি ও মাস্ক পরে সেখানে গল্প করছেন। পরে সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
রবি জানান, নড়াইলে আসলে মাশরাফী যেকোনোভাবে বন্ধুদের সঙ্গে দেখা করে। সে একজন ভালো লোক। সে জাতীয় দলের ক্রিকেটার ছিল। এখন নড়াইল দুই আসনের এমপি। তার এতো ব্যস্ততার মধ্যে আমাদের মনে রাখে সেটাই অনেক বড়। বন্ধুদের অনেকে অনেক জায়গায় যাওয়ার পর ভুলে গেছে। কিন্তু মাশরাফী আমাদের মনে রেখেছে।
তিনি আরো বলেন, আমাদের অনেক বন্ধু মাঠে-ঘাটে কাজ করে। সবার সঙ্গে মাশরাফীর হৃদ্যতা আছে। আমরা কখনো মাশরাফীর বন্ধু হিসেবে পরিচয় দেই না। কিন্তু ও আমার খোঁজ রেখেছে। আমাকে পেশা পরিবর্তন করে অন্য কিছু করতে বলেছে। আমি পূর্বপুরুষের ব্যবসা ছাড়িনি। তাই সে আমার দোকানের জন্য কিছু টাকা দিয়েছে।
সঞ্চিব বিশ্বাস সাজু বলেন, মাশরাফী বন্ধু হিসেবে অতুলনীয়। তার কাছে কখনো জাতি-ধর্ম, ভেদাভেদ , হিন্দু-মুসলমান, কে, কোন কাজ করে সেটা মুখ্য নয়। সে সবার সঙ্গে সমান আচরণ করে। বন্ধু হিসেবে মাশরাফী কেমন এই প্রশ্নটা করাই ঠিক না।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, মাশরাফী কখনো এমপি হিসেবে আমাদের সঙ্গে মিশে না। সে যখনই মিশে তখন শৈশবের মাশরাফী হিসেবেই মিশে।-ডেইলি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক 

























