পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আশার আলো দেখতে পেলো বাংলাদেশ। রোববার সুপার টুয়েলভে গ্রুপ-২ এর লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস তাদের বিপক্ষে ১৩ রানে জিতে অঘটন ঘটালো। প্রোটিয়াদের যে কোনও ফরম্যাটে প্রথমবার হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিশ্চিত করে রাখলো তারা।
কলিন অ্যাকারম্যান ঝড়ে ১৫৯ রানের লক্ষ্য দেয় ডাচরা। তারপর ১৪৫ রানে থামিয়ে দেয় প্রোটিয়াদের। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে অজেয় থাকা দক্ষিণ আফ্রিকা টানা দুটি হারে ছিটকে গেলো। তাদের নেট রানরেট পাকিস্তানের চেয়ে কম
এই হারে ৫ পয়েন্ট নিয়ে বিদায় হলো দক্ষিণ আফ্রিকার। ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। সেমিফাইনালে উঠে গেছেন রোহিত শর্মারা। বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে উঠে যাবে সেমিফাইনালে। দুই দলই সমান ৪ পয়েন্ট করে নিয়ে তিন ও পাঁচে আছে। নেদারল্যান্ডস একই পয়েন্ট নিয়ে তাদের মাঝে।
টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে দাপট দেখায় ডাচরা। কোনও উইকেট না হারিয়ে করে ৪৮ রান। সেখানেই যেন চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে ওঠে।
স্টেফান মাইবুর্গের সঙ্গে ম্যাক্স ও’ডাউডের জুটি ভেঙে যায় ৫৮ রানে। মাইবুর্গ (৩৭) এইডেন মার্করামের শিকার হন। একশ পেরোনোর আগে ও’ডাউড ২৯ রানে কেশব মহারাজের কাছে উইকেট হারান। টম কুপার ১৯ বলে ২টি করে চার ও ছয়ে ৩৫ রান করে থামেন।
শেষ দিকে অ্যাকারম্যান ২৬ বলে ২ চার ও ২ ছয়ে ৪১ রানে অপরাজিত থাকেন। স্কট এডওয়ার্ডস করেন ১২ রান। ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান।
লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে কুইন্টন ডি কক (১৩) ও টেম্বা বাভুমা (২০) বিদায় নেন ৩৯ রানে। টপ অর্ডারের রাইলি রুসো ১৯ বলে ২৫ রান করে আউট। মিডল অর্ডার আর হাল ধরতে পারেনি।
ব্র্যান্ডন গ্লোভার ১৬তম ওভারে জোড়া আঘাত হানলে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। আর উঠে দাঁড়াতে পারেনি তারা। বাস ডি লিড তার শেষ দুই ওভারে হেনরিখ ক্লাসেন (২১) ও কেশব মহারাজকে (১৩) ফিরিয়ে জয় নিশ্চিত করেন। ৮ উইকেটে ১৪৫ রানে থামে প্রোটিয়ারা।
সর্বোচ্চ ৩ উইকেট নেন গ্লোভার। দুটি করে পান ডি লিড ও ফ্রেড ক্লাসেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























