বিশ্বকাপের প্রস্তুতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আর্জেন্টিনা ৪-০ গোলে এগিয়ে আছে।
আরব আমিরাতের বিপক্ষে এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আলবিসিলেস্তারা। এ সময় মাঝ মাঠের একটু সামনে সতীর্থে পাস থেকে বল পেয়ে যান মেসি। তিনি বল নিয়ে আমিরাতের ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন। এরপর বামদিকে থাকা জুলিয়ান আলভারেজকে বাড়িয়ে দেন। তিনি ডান পায়ের শটে বল জালে জড়ান। ২৫ মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় মার্কোস আকুনার ক্রস থেকে ডানদিকে বল পান মারিয়া। তার নেওয়া বাম পায়ের জোরালো শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়। ৩৬ মিনিটে ডি মারিয়া তার জোড়া গোল পূর্ণ করলে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় আলেক্সিস ম্যাক আলিস্টারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে কাছ থেকে গোল করেন ডি মারিয়া।
প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পান লিওনেল মেসিও। ডি বক্সের সামনে ডি মারিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সের মধ্যে ঢুকে ডান পায়ে দূরের পোস্টে শট নেন। বল উপরের অংশ দিয়ে জালে জড়ায়। তাতে আর্জেন্টিনা প্রথমার্ধেই লিড নেয় ৪-০ গোলে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























