ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় জেলার বিভিন্ন হাসপাতালে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক। মারা যাওয়া নারীরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার মোছলেম শেখের স্ত্রী মরিয়ম (৩৫), একই উপজেলার চাঁদহাট গ্রামের রওশন মাতুব্বরের স্ত্রী রোকসানা (২৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া এলাকার মনির উদ্দিনের স্ত্রী আবেজান (৭০)। ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরিয়ম নামের এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। রোকসানা নামে অপর নারী গত শনিবার হাসপাতালে ভর্তি হন। তিনিও চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান। এছাড়া, আবেজান নামের নারী গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে হাসপাতালে ভর্তি হন। তিনি গতকাল দিবাগত রাত ২টার দিকে মারা গেছেন। তিনি আরো জানান, বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৫ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৯ জন রোগী।তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪ জন। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১৬২ জন। এর মধ্যে ৬ হাজার ৫১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- ১২৮
Tag :
সর্বাধিক পঠিত
























