আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য অর্জন করছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরও নিজ দেশে মুক্তি আটকে আছে সিনেমাটির। নির্মাতা জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশে সিনেমাটির মুক্তি আটকে আছে। এই সিনেমার নাম ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। এ ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ প্রমুখ।
সিনেমাটির বিষয়বস্তুর সঙ্গে এর মুক্তির বর্তমান পরিস্থিতিরও এক ধরনের মিল খুঁজে পাচ্ছেন নির্মাতা। ‘মাস্টার’-এ কাঠামোগত জটিলতা, প্রশাসনিক বাধা ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের মতো বিষয় উঠে এসেছে। বাস্তবেও সিনেমাটির মুক্তির পথে প্রশাসনিক জটিলতা বাধা হয়ে দাঁড়ানোয় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার আলোচনা।
সম্প্রতি ৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে সিনেমাটি। এর আগে ২২তম লুকা চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এ ছাড়া ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জিতেছে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড। একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতিতে সিনেমাটি ঘিরে প্রত্যাশা বাড়ালেও দেশের দর্শকের সামনে এটি কবে আসবে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























