দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সুখবর ঘোষণার পর এবার পারিবারিক ছুটির মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি।
কখনো পুলে জলকেলি, কখনো রোদ পোহানো, আবার কখনো স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সেলফি—ছুটির আমেজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো দেখে কিয়ারার মাতৃত্বের আভায় মুগ্ধ তার অনুরাগীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরযাপনের ছবিগুলো ভাগ করে নিয়েছেন কিয়ারা। তবে সিদ্ধার্থ ও মেয়ে সারায়াকে নিয়ে কোথায় ছুটি কাটাচ্ছেন, তা জানাননি তিনি।
ছবির পটভূমিতে পাহাড় ও সমুদ্রের উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, প্রকৃতির কাছাকাছি কোনো জায়গায় সময় কাটাচ্ছেন তারকা দম্পতি।
ছবির একটিতে সমুদ্রসৈকতে ছোট্ট মেয়ের বালিমাখা পায়ের ছাপও দেখা গেছে। অন্যদিকে, রংমিলান্তি হলুদ পোশাকে সিদ্ধার্থের সঙ্গে সেলফিতে ধরা দিয়েছেন কিয়ারা। অভিনেত্রীর উজ্জ্বল মুখ দেখে মুগ্ধ ভক্তরা মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন।
একজন লিখেছেন, ‘মায়ের মুখে মাতৃত্বের আভা।’ আরেকজনের মন্তব্য, ‘মাতৃত্ব যেন তোমার মধ্যে কবিতার মতো ফুটে উঠেছে, কিয়ারা।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘মা, তোমাকে কী দারুণ উজ্জ্বল দেখাচ্ছে!’
গত ৭ অক্টোবর ইনস্টাগ্রামে একটি মিষ্টি পারিবারিক ছবি প্রকাশ করে দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর জানান সিদ্ধার্থ ও কিয়ারা। ছবিতে দেখা যায়, দুজনের হাতের মাঝে রাখা তাদের কন্যাসন্তানের হাত। ছোট্ট সেই হাতে ধরা একজোড়া মোজা।
ছবির ক্যাপশনে তারা লিখেছিলেন, ‘আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।’
২০২৫ সালের জুলাইয়ে প্রথম সন্তানের মা-বাবা হন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের প্রায় দুই বছর পর তাদের ঘরে আসে কন্যাসন্তান সারায়া। মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি তারা। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েকে ঘিরে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন এই তারকা দম্পতি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত কিয়ারা। তবে আপাতত পরিবারের সঙ্গে অবসরযাপনেই সময় কাটছে তার। দ্বিতীয়বার মা হওয়ার খবরের পর অভিনেত্রীর নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের আগ্রহও বেড়েছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 


















