বলিভিয়াকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করা ব্রাজিল হোঁচট খেতে বসেছিল পেরুর বিপক্ষে। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় দলটি। তবে শেষ মুহূর্তে নেইমার ও মার্কিনহোসের যুগলবন্দীতে জয় তুলে নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার বাংলাদেশ সময় সকালে পেরুর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ব্রাজিল। ৯০তম মিনিটে একমাত্র গোলটি করেন মার্কিনহোস। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে বল জালে জড়ান এই পিএসজি ডিফেন্ডার।
এই ম্যাচে নেইমারকে নিষ্ক্রিয় করতে উঠে পড়ে লেগেছিল পেরুর একদল জনগোষ্ঠী। রঙিন পোঞ্চো পরিহিত একদল শামান নেইমারের মূর্তি বানিয়ে বেঁধে রেখেছিল। জাদুটোনা করেছে, যেন ম্যাচে নেইমার নিষ্ক্রিয় হয়ে যান।
শামান পূজারিদের একজন ফেলিক্স রন্ডান ম্যাচের আগে বলেছিলেন, ‘আমরা নেইমারের পা বেঁধে রেখেছি। সে যেন ম্যাচে নিষ্ক্রিয় হয়ে যায়। ম্যাচে সে দলের প্রত্যাশা মেটাতে পারবে না। দৌড়াতেও পারবে না, বাধাগ্রস্ত হবে সবসময়।’
বলিভিয়ার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল পাওয়া নেইমার সত্যিই এ ম্যাচে গোল পেলেন না। যেন পেরুর ওঝাদের জাদুটোনা কাজে দিল!
নেইমারের সঙ্গে ব্রাজিলের আক্রমণভাগের অন্যরাও গোল পাচ্ছিলেন না। ১৭তম মিনিটে রাফিনিয়া ও ২৯তম মিনিটে রিচার্লিসন গোল করলেও অফসাইডে তা বাতিল হয়। শেষ পর্যন্ত এক ডিফেন্ডারের হেডে রক্ষা পেয়েছে দলটি। আর তাতেই বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকল ব্রাজিল।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন শীর্ষে ব্রাজিল। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। গত রাতে যারা বলিভিয়াকে হারিয়েছে ৩-০ গোলে।
অন্যদিকে ইকুয়েডরের কাছে ২–১ গোলে হেরেছে উরুগুয়ে। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। চিলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কলম্বিয়া।
টেবিলের তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে কলম্বিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























