রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের এক ছাত্রকে গলা ধাক্কা ও হুমকি দিয়ে হল ছাড়তে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী নিকল রায়।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র নিকল। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. মিনহাজ ইসলাম হল শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।
জানা যায়, শহীদ হবিবুর রহমান হলের ১৪০ নম্বর কক্ষে থাকেন নিকল। তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে। তিনি স্থানীয় একটি ছাত্রাবাসে বন্ধুর কাছে গিয়েছিলেন। তখন এক রুমমেট ফোন করে জানান, ছাত্রলীগের সহসভাপতি তার সিটে অন্য একজন ছাত্রকে তুলে দিয়েছেন।
নিকল বলেন, ‘রুমমেটের মাধ্যমে জানতে পারি, হলে আমার বেডপত্র নামিয়ে দেওয়া হয়েছে। তখন রুমে গিয়ে দেখি আমার সিটে আরেকজনকে তুলে দেওয়া হয়েছে। আমি ওই ছাত্রের বেড সরিয়ে আমার বেড পুনরায় তুলি। কিছুক্ষণ পর হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ এবং তার অনুসারীরা এসে আমাকে গলা ধাক্কা দিয়ে এবং হুমকি দিয়ে সিট থেকে নামিয়ে হল ছেড়ে চলে যেতে বলে। থাকলে সমস্যা হবে বলে জানায় তারা।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মিনহাজ ইসলাম বলেন, ‘আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি শহরে ছিলাম ঘটনার সময়ে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আমি আপনাদের জানাবো।’
রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘হবিবুর হলের একজনের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ এসেছে। তাকে ডেকে পাঠানো হয়েছে। বিষয়টি মীমাংসা করা হচ্ছে। বিস্তারিত পরে জানাব।’
শহীদ হাবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। নিকলকে তার বৈধ সিটে আমি থাকতে বলেছি। হুমকির ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।’

রিপোর্টারের নাম 

























