রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এসময় উপাচার্য বলেন, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনেও বঙ্গমাতা শেখ শেখ ফজিলাতুন্নেছা ছিলেন অমিত প্রেরণার অনিঃশেষ উৎস। তাইতো নৃশংস ঘাতকদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পাশাপাশি বঙ্গমাতাকেও নির্মমভাবে হত্যা করে। কিন্তু ইতিহাস সবসময় নিজ গতিতে চলে। তাই জীবিত বঙ্গমাতার চেয়ে মৃত বঙ্গমাতা আজ আমাদের কাছে আরো ভাস্বর।
উপাচার্য আরো বলেন, মহীয়সী শেখ ফজিলাতুন্নেছার বঙ্গমাতা হয়ে উঠার পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস, ত্যাগ-তিতিক্ষার কাহিনী। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে নিজের সংসার ও সন্তানদের মানুষ করার পাশাপাশি তিনি সংগঠনের নেতা-কর্মী ও আত্মীয় স্বজনের প্রতি সবসময় মনোযোগ রাখতেন। তাদের প্রতি সাহায্য-সহযোগিতায় বঙ্গমাতা ছিলেন উদরস্থ।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. অবায়দুর রহমান প্রামাণিক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ অধ্যাপক শর্মিষ্ঠা রায়, হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর ক্রমে প্রাধ্যক্ষ পরিষদ, অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।#

রাবি প্রতিনিধি : 
























