সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক একটি বিকৃত ভিডিও নিয়ে আলোচনার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি।
তবে এবারের ভিডিওতে বিতর্কিত কোনো প্রসঙ্গ নয়, বরং শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে। ভিডিওটির সঙ্গে শুভ শক্তির জয় কামনা করে একটি বার্তাও দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক…’।
ভিডিওতে দুর্গাপূজার আবহে দেবীর সাজে অভিনেত্রীর উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
ভিডিওটি প্রকাশের পরপরই তার ফেসবুক পেজে ভক্তদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই পরীমণির সাজ ও অভিব্যক্তির প্রশংসা করেছেন। কেউ তার হাসির প্রশংসা করেছেন, আবার কেউ এই রূপে আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে পরীমণির বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চ্যানেলটিকে দায়ী করেন অভিনেত্রী। পাশাপাশি, একটি ভিডিওর মাধ্যমে নেটিজেনদের আসল ও বিকৃত ভিডিও চেনার উপায়ও তুলে ধরেন তিনি।
এদিকে, কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশনের’ শুটিং শেষ করেছেন তিনি।
এতে তার বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। তবে ওয়েব ফিল্মটির গল্প ও এতে পরীমণির চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















