আত্মপ্রকাশ ঘটলো সাতদলীয় জোটের গণতন্ত্র মঞ্চের। আজ সোমবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারবিরোধী হিসেবে পরিচিত এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এ সময় আ স ম আব্দুর রব বলেন, আমরা প্রকাশ্যে জনতার সামনে কথা বলি। আমরা ষড়যন্ত্র করি না। ষড়যন্ত্র করে সরকার। অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করছে।
গণতন্ত্র মঞ্চের সাতটি রাজনৈতিক দল হল- জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















