দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শুক্র ও শনিবারও বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিপিসি।
এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহব্যবস্থা সচল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা খোলা রেখে নিয়মিত তেল সরবরাহ অব্যাহত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। আমদানিকৃত তেল প্রধান স্থাপনা থেকে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন ডিপোতে পাঠানো হচ্ছে। পরে সেখান থেকে ফিলিং স্টেশনসহ বিভিন্ন গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর জ্বালানি সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে। অনেক স্থানে স্বাভাবিক সময়ের তুলনায় জ্বালানি তেলের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে এবং কোথাও কোথাও দীর্ঘ লাইনেরও সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে এর আগে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বিক্রির ওপর সীমা নির্ধারণ করে দেয় বিপিসি। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের জন্য দৈনিক তেল বিক্রির নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে।
বিপিসির কর্মকর্তারা বলছেন, ছুটির দিনেও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হলে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম আরও গতিশীল হবে। এতে ফিলিং স্টেশনগুলোতে চাপ কমবে এবং সামগ্রিক সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 














