৩৬ বছর বয়সী সালিমির বাড়ি কেরমানশাহে। তিনি ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসে নার্সিংয়ে পিএইচডির শেষ সেমিস্টারের শিক্ষার্থী। প্রায় ১২ বছর ধরে নার্স হিসেবে কাজ করছেন, যার মধ্যে ১০ বছরই শিশু ও নবজাতক পরিচর্যায়। তিনি ছয় বছর বয়সী এক সন্তানের মা।
তিনি মনে করেন, মাতৃত্ব তার প্রতিক্রিয়াকে প্রভাবিত করেছে, যদিও সেটা অনেকের কল্পনার মতো আবেগপ্রবণভাবে নয়।
তিনি বলেন, “হ্যাঁ, আমি একজন মা, তাই সেই অনুভূতি অবশ্যই আছে। কিন্তু প্রতিদিন যখন নবজাতকদের সঙ্গে কাজ করেন, তখন নিজের সন্তান থাকুক বা না থাকুক, তাদের প্রতি এক ধরনের মায়া তৈরি হয়। আপনি তাদের জন্য দায়িত্ব অনুভব করেন। হয়তো মাতৃত্ব সেই দায়িত্ববোধকে আরও গভীর করে।”
নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নার্সরা এমন রোগীদের সেবা দেন, যারা কথা বলতে পারে না, ব্যথা বোঝাতে পারে না, সাহায্য চাইতেও পারে না। তাদের ভাষা শব্দের চেয়েও ক্ষীণ—হালকা কান্না, অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে যাওয়া, কিংবা মনিটরে অনিয়মিত হৃদস্পন্দনের ঝলক।
সালিমি বলেন, “এনআইসিইউ-তে কাজ করতে হলে একই সঙ্গে দৃঢ় মানসিকতা আর খুব কোমল হৃদয় দরকার। এক মুহূর্তে আপনি ব্যর্থ পুনরুজ্জীবন প্রচেষ্টা দেখতে পারেন, আর দশ মিনিট পরই অন্য এক মাকে হাসিমুখে শিশুকে বুকের দুধ খাওয়ানো শেখাতে হয়। মুহূর্তেই শোক থেকে আশায় ফিরে যেতে হয়।”
এ এক এমন পেশা, যেখানে জীবন উদযাপন করতে হয় মৃত্যুর একেবারে কাছাকাছি দাঁড়িয়ে।
তিনি বলেন, অনেক সময় অকালে জন্ম নেওয়া শিশুদের মাসের পর মাস টিউব আর যন্ত্রের সঙ্গে লড়াই করতে দেখেছেন, এরপর একদিন তারা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে মায়ের কোলে বসে দুধ পান করতে পারে। সালিমির কাছে সেই মুহূর্তগুলোই অলৌকিক।
তিনি বলেন, “যেদিন কোনো শিশুকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়, সেটা যেন চ্যাম্পিয়নশিপ জয়ের মতো অনুভূতি।”
তবে এমন কিছু ক্ষতও আছে, যা কখনো পুরোপুরি মুছে যায় না।
প্রেস টিভিকে সালিমি বলেন, “যে নবজাতক বা শিশুর যত্ন আপনি নিয়েছেন, তার মৃত্যু একজন নার্সের জন্য সবচেয়ে ভারী শোকগুলোর একটি। কয়েক ঘণ্টা আগেও যে বিছানায় প্রাণ ছিল, সেটি হঠাৎ খালি হয়ে যায়—সেই নীরবতার ওজন যেকোনো শব্দের চেয়েও বেশি।”
আরও অনেক কষ্টের কথাও তিনি উল্লেখ করেন—অভিভাবকদের চোখের জলে প্রশ্ন, তাদের সন্তান বাঁচবে কি না; সুতোয়ের মতো চিকন শিরায় সূঁচ প্রবেশ করানোর যন্ত্রণা; এমন চিকিৎসা পদ্ধতি সম্পন্ন করা, যা শিশুদের কষ্ট দেয়, যদিও তা জরুরি।
যুদ্ধের সময় নার্সদের জন্য এই স্বাভাবিক চাপের সঙ্গে যোগ হয় আরও বড় আতঙ্ক। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার সময় চিকিৎসাকর্মীরা বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হন, যেখানে বোমাবর্ষণের মধ্যেই বেসামরিক মানুষদের চিকিৎসা দিতে হয়েছে। সামরিক স্থাপনার কাছাকাছি হাসপাতালগুলোও কাছাকাছি হামলার অভিঘাতে কেঁপে উঠছিল—মাটি কাঁপছিল, ছাদ ফেটে যাচ্ছিল, আর পরবর্তী হামলা কখন হবে, তা ছিল অনিশ্চিত।
খাতাম আল-আনবিয়া হাসপাতালে এটিই প্রথম নয় যে কর্মীরা হামলার মধ্যেও কাজ করেছেন। সালিমি জানান, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও তিনি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে এক নবজাতককে সরিয়ে নিয়েছিলেন। তখন তার এক সহকর্মী চিকিৎসা সরঞ্জাম ও ঝুলন্ত টিউবসহ আরেক শিশুকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।
তবে মার্চের হামলাটি ছিল আরও ভয়াবহ।
হাসপাতালের বাইরে বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠছিল। ভেতরে ভাঙা কাচে মেঝে ঢেকে গিয়েছিল জমাট ঝড়ের মতো। সেই কাচ মাড়িয়ে নার্সরা রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন—অন্ধকারের ভেতর দিয়ে, ধুলোর ভেতর দিয়ে, বুকের মধ্যে আটকে থাকা প্রার্থনা নিয়ে।
রিসেপশন এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, আংশিক ধসে পড়া ছাদের নিচ দিয়ে চিকিৎসাকর্মীরা করিডোরে দৌড়াচ্ছেন, আর ধুলা তাদের ফুসফুস ভরে দিচ্ছে।
যুদ্ধের পরিকল্পনাকারীরা কৌশল ও সামরিক লক্ষ্যবস্তুর ভাষায় কথা বলেন। কিন্তু সাধারণ মানুষের কাছে যুদ্ধের বাস্তবতা এসে পৌঁছায় প্রসূতি ওয়ার্ডে আঘাত হানা বিস্ফোরণের ঢেউ হয়ে।
হামলার সময় ওয়ার্ডে ছয়জন নবজাতক ছিল। তবে তাদের মধ্যে মাত্র তিনজন তখনও ছোট বিছানায় ছিল; অন্যদের আগেই ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছিল—ক্ষুদ্র জীবনগুলো, যারা অল্পের জন্য ভয়াবহতা থেকে বেঁচে যায়।
সালিমি যেসব শিশুকে কোলে নিয়েছিলেন, তাদের মধ্যে দুজনের শরীরে মনিটরিং লাইন লাগানো ছিল, যদিও তারা গুরুতর অসুস্থ ছিল না।
তিনি বলেন, “তারা অপরিণত শিশু ছিল না। মায়েরা অস্ত্রোপচারের পর ফিরে আসা পর্যন্ত আমরা শুধু তাদের অক্সিজেন ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করছিলাম।”
হাসপাতালের নিচতলার আশ্রয়কেন্দ্রে বসে সালিমি তখন শুধু প্রার্থনা করছিলেন।
তিনি স্মরণ করেন, “আমি আল্লাহর কাছে জীবনের আরও কয়েক মিনিট সময় চেয়েছিলাম—শুধু এতটুকু, যেন বাচ্চাগুলোকে তাদের মায়েদের কাছে ফিরিয়ে দিতে পারি। এরপর যদি তিনি আমাদের জীবন নিয়ে নিতে চান, নিতে পারেন।”
ভিডিওটি দ্রুত ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে আন্তর্জাতিকভাবেও ভাইরাল হয়ে যায়। সালিমি নিজেও ঘটনাটি প্রথমে কাকতালীয়ভাবে জানতে পারেন।
তিনি বলেন, “আমি অনলাইনে ভিডিওটি দেখে আমার স্বামীকে বললাম, ‘এটা তো আমি! তারা এই ফুটেজ কোথা থেকে পেল?’”
ভিডিওটি দেখে তার স্বামী কেঁদে ফেলেন।
এরপর তাদের বাসায় প্রতিবেশীদের ভিড় জমতে থাকে। অনেকে কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরেন। তার ফোনে একের পর এক কল আসতে থাকে, এমনকি ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। হাসপাতালেও অসংখ্য মানুষ ফোন করে সেই নার্সের সঙ্গে কথা বলতে চান, যিনি বিস্ফোরণের মধ্য থেকে তিন নবজাতককে কোলে করে বের করে এনেছিলেন—যেন তিনি কোনো গল্পের চরিত্র, বাস্তবের এমন একজন নারী নন, যিনি তখনও নিজের অভিজ্ঞতার ধাক্কা সামলানোর চেষ্টা করছেন।
তবে হঠাৎ পাওয়া এই ব্যাপক প্রশংসার মধ্যেও সালিমি জোর দিয়ে বলেন, এটি কোনো একক বীরত্বের ঘটনা ছিল না।
তিনি বলেন, “সেদিন আমার সব সহকর্মীই সাহসিকতার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। শুধু আমি একা নই।”
তবুও জনসাধারণের এই স্বীকৃতি তার জীবন বদলে দিয়েছে। এখন মানুষ রাস্তায় তাকে থামিয়ে ধন্যবাদ জানায় কিংবা স্বাস্থ্যকর্মীদের নিয়ে গর্বের কথা বলে। সালিমির ভাষায়, এই ভালোবাসা যেমন অর্থবহ, তেমনি দায়িত্বের অনুভূতিও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, “এখন আমার কাঁধে আরও বড় দায়িত্ব অনুভব করি।”
যে তিন শিশুকে তিনি উদ্ধার করেছিলেন, তাদের পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তার। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও হাসপাতালের কর্মীরা শিশুদের খাবার ও নবজাতক পরিচর্যার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। সালিমির জানা মতে, তিন শিশুই এখন সুস্থ আছে।
তিনি বলেন, “এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”
একটি নীরব বিজয়। তিনটি ছোট্ট হৃদস্পন্দন এখনও চলছে।
অন্যদিকে, সংবাদ শিরোনাম মুছে যাওয়ার পরও নার্সদের ওপর চাপ থেকেই যায়। সালিমি বলেন, অতিরিক্ত কাজের চাপ, জনবল সংকট, দীর্ঘ কর্মঘণ্টা, অর্থনৈতিক চাপ এবং যুদ্ধের মানসিক ক্ষত—যে ক্ষত কোনো মনিটরে ধরা পড়ে না—সবকিছুই তাদের বহন করতে হয়।
তিনি বলেন, “অনেক নার্স এখনও এসব অভিজ্ঞতার মানসিক প্রভাব বহন করছেন। তারপরও তারা কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ তারা জানেন মানুষের জীবন তাদের ওপর নির্ভর করছে।”
ইরানি নার্সরা, তিনি প্রেস টিভিকে বলেন, কোভিড-১৯ মহামারি, ১২ দিনের যুদ্ধ এবং রমজান যুদ্ধের সময় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। এখন তারা যে জিনিসটি চান তা হলো না কেবল প্রশংসা, বরং বাস্তব পরিবর্তন—আরও ভালো কর্মপরিবেশ, শক্তিশালী পেশাগত সহায়তা এবং পর্যাপ্ত সম্পদ, যাতে তারা নিজেদের জীবন ঝুঁকিতে না ফেলে জীবন বাঁচাতে পারেন।
তবুও সালিমি যে সব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তার পরেও তিনি নার্সিংকে শুধু একটি পেশা হিসেবে দেখেন না; বরং এটিকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখেন।
তিনি বলেন, “একজন সফল নার্সের শুধু জ্ঞান ও দক্ষতা থাকলেই হয় না। তার দরকার মানবতা ও দয়ার ভরা একটি হৃদয়।”
তার কাছে নার্সিং কেবল ক্লিনিক্যাল কাজ নয়, বরং এমন এক দায়িত্ব যেখানে মানুষের চারপাশে যখন সব আশা ভেঙে পড়ে, তখনও তাদের মধ্যে আশা জাগিয়ে তোলা যায়—যখন বোমা পড়ছে, যখন কেউ মনে করছে কেউ তাকে বাঁচাতে আসছে না।
যুদ্ধের সময় এই দর্শন আরও তীব্র হয়ে ওঠে, যখন হাসপাতাল নিজেই নিরাপদ থাকে না এবং সাধারণ মানুষ হাজার মাইল দূরে বসে নেওয়া ভূরাজনৈতিক সিদ্ধান্তের “সহযোগী ক্ষতি” হয়ে যায়—যেখানে বৈঠকঘরে বসে যেসব এলাকার নামও উচ্চারিত হয় না।
ওয়াশিংটন ও তেল আবিবের “নির্ভুল হামলা” নামের বর্ণনায় শুরু হওয়া যুদ্ধের বাস্তব পরিণতি সাধারণত সঠিকভাবে তুলে ধরা হয় না।
সেই পরিণতি কোনো মানচিত্র বা সামরিক ব্রিফিং নয়। তা হলো—নিকটবর্তী ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপতে থাকা একটি নবজাতক ওয়ার্ড; অস্ত্রোপচারের পর মায়েরা যাদের মনে হয়, তাদের নবজাতক সন্তান হয়তো আর বেঁচে নেই; আর একজন নার্স যিনি ধ্বংসস্তূপ আর ভাঙা কাচের মধ্য দিয়ে তিনটি শিশুকে বুকে আগলে দৌড়ে যান—কোনো সুপারহিরো হিসেবে নয়, বরং এমন একজন মানুষ হিসেবে, যিনি চোখ ফিরিয়ে নেননি।
সালিমি বলেন, তিনি কখনও কখনও ভবিষ্যতের কথা ভাবেন—যখন সেই শিশুরা বড় হয়ে জানতে পারবে তাদের জীবনের প্রথম ঘণ্টায় কী ঘটেছিল।
তিনি বলেন, “যদি তারা কোনো দিন আমাকে দেখে, আমি চাই তারা জানুক—জীবন একটি অলৌকিক বিষয়, যার জন্য দরকার দয়া, চেষ্টা আর বিশ্বাস।”
তারপর তিনি থেমে হালকা করে হাসেন—একটি এমন হাসি, যা অনেক কিছু দেখেছে, তবুও কোমল থাকতে বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, “আমি চাই তারা শক্তিশালী এবং সহানুভূতিশীল মানুষ হোক। সেটাই হবে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”
সূত্র: প্রেস টিভি