পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভবিষ্যতে যেকোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করা হবে। তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং এ খাতে বড় অঙ্কের অর্থ সহায়তাও দিয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্রনীতি ও চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত শুধু মন্ত্রণালয়ের এককভাবে নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বিত মতামতের ভিত্তিতে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র সফরে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য, বিনিয়োগ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা প্রদান করেছে।
ব্রিফিংয়ে তিনি বলেন, পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি গুরুত্ব পায়। একইসঙ্গে মরক্কোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























