ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ নিয়ে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে সিনোমার টিম। ‘গুলগুলি পিঠা’ গানকে ঘিরে আয়োজিত এক ক্যাম্পেইনে অংশ নিয়ে ১০ জন দর্শক পেতে পারেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে বসে সিনেমাটি দেখার সুযোগ।
ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘মালিক’ মন্দের ভালো সাড়া পাচ্ছে। দীর্ঘদিন পর পর্দায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের জুটিকেও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন দর্শকরা। এবার সেই দর্শকদের মধ্য থেকেই ১০ জনকে দেওয়া হবে ছবির তারকাদের সঙ্গে বসে সিনেমা দেখার সুযোগ।
এ লক্ষ্যে ‘মালিক’-এর আইটেম গান ‘গুলগুলি পিঠা’কে ঘিরে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন সংশ্লিষ্টরা। অংশগ্রহণকারীদের গানটি নিয়ে টিকটক বা ফেসবুক রিলস তৈরি করতে হবে। নাচ, অভিনয় কিংবা অন্য যেকোনো সৃজনশীল উপস্থাপনা থাকলেই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
ক্যাম্পেইনে অংশগ্রহণের শেষ সময় ৮ জুন সন্ধ্যা ৬টা। কনটেন্টের মান এবং ভিউয়ের ভিত্তিতে ১০ জন বিজয়ী নির্বাচন করা হবে। পরে তাদের আমন্ত্রণ জানানো হবে ‘মালিক’-এর একটি বিশেষ প্রদর্শনীতে। সেখানে উপস্থিত থাকবেন ছবির নায়ক-নায়িকা এবং অন্যান্য কলাকুশলীরা।
‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু ও আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















