ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পাহাড়ি জেলা রাঙামাটি। প্রিয় দলকে সমর্থন জানাতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেছেন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। অন্যদিকে ভিন্ন এক উদাহরণ তৈরি করে আর্জেন্টিনা সমর্থকদের খেজুর ও থ্রি-পিস বিতরণ করেছেন ব্রাজিল সমর্থকরা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সপ্তাহব্যাপী আয়োজনের সমাপনী দিনে রাঙামাটি শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় আকাশি-সাদা বেলুন উড়িয়ে, আর্জেন্টিনার জার্সি ও পতাকা নিয়ে বর্ণিল সাজে অংশ নেন সমর্থকরা।
শোভাযাত্রাটি স্টেডিয়াম এলাকা থেকে তবলছড়ি হয়ে শহরের আসামবস্তী এলাকার ‘আর্জেন্টিনা ব্রিজ’ নামে পরিচিত সেতুতে গিয়ে পৌঁছে। সেখানে নাচ-গান ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন সমর্থকরা।
পরে বনরূপা প্রধান সড়ক হয়ে শোভাযাত্রা দোয়েল চত্বরে পৌঁছালে দেখা যায় ভিন্ন দৃশ্য। সেখানে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের সৌদি আরবের খেজুর ও থ্রি-পিস দিয়ে শুভেচ্ছা জানান। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। প্রতিদ্বন্দ্বিতার বাইরে ফুটবলপ্রেমীদের এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন স্থানীয়দের দৃষ্টি কাড়ে।
শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো আর্জেন্টিনা সমর্থক। কেউ পতাকা হাতে ছবি তোলেন, কেউ নাচ-গান আর ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মেতে ওঠেন। শোভাযাত্রাটি শেষে রিজার্ভ বাজারের পুরানপাড়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক পুলক শীল বলেন, প্রিয় দলকে শুভকামনা জানাতেই এ আয়োজন। চার বছর পরপর বিশ্বকাপ এলে ফুটবলপ্রেমীরা নতুন করে উৎসবে মেতে ওঠেন, এবারও তারা আর্জেন্টিনার শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্বকাপকে সামনে রেখে রাঙামাটি শহরের বিভিন্ন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে উড়ছে নানা দেশের পতাকা। প্রিয় দলের জার্সি, ব্যানার ও পতাকায় ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরো শহর।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























