গ্রীষ্মের রসালো ও সুস্বাদু ফল আম শুধু স্বাদ আর পুষ্টিগুণেই ভরপুর নয়, ত্বকের যত্নেও এর রয়েছে দারুণ উপকারিতা। বিশেষজ্ঞদের মতে, আমে থাকা ভিটামিন এ, সি, ই ও বি৬ এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, আর্দ্রতা ধরে রাখতে এবং বয়সের ছাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উজ্জ্বল ত্বকের চাবিকাঠি আম
আমে থাকা ভিটামিন সি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি ত্বকের কালচে দাগ ও নিস্তেজভাব কমাতেও কার্যকর। পাশাপাশি আমের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণের কারণে হওয়া প্রদাহ ও লালচে ভাব প্রশমিত করতে সহায়তা করে।
এ ছাড়া আমে থাকা প্রাকৃতিক এনজাইম ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক হয় আরও মসৃণ ও সতেজ। একই সঙ্গে বন্ধ হয়ে থাকা রোমকূপ পরিষ্কার হওয়ায় ব্রণের ঝুঁকিও কিছুটা কমে।
চলুন জেনে নেওয়া যাক আম রূপচর্চার কোন কোন কাজে লাগতে পারে-
আম ও মধুর ফেসপ্যাক
এক টেবিল চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং প্রাকৃতিক জেল্লা বাড়াতে সাহায্য করে।
আম, দই ও মধুর মাস্ক
দুই টেবিল চামচ আমের পাল্প, এক টেবিল চামচ টকদই এবং এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বককে নরম, সতেজ ও প্রাণবন্ত রাখতে সহায়ক।
আম ও বেসনের ফেসপ্যাক
চার টেবিল চামচ আমের পাল্পের সঙ্গে দুই টেবিল চামচ বেসন, এক চা চামচ মধু এবং এক চা চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে।
শুষ্ক ত্বকের জন্য
যাদের ত্বক শুষ্ক, তারা আমের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে আরও কোমল ও মসৃণ করে তোলে।

ব্যবহারের আগে সতর্কতা
সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে যেকোনো ফেসপ্যাক ব্যবহারের আগে হাতের একটি ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। কোনো ধরনের অ্যালার্জি, জ্বালাপোড়া বা অস্বস্তি অনুভব হলে ব্যবহার বন্ধ করুন। ত্বকের গুরুতর সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
গরমের এই মৌসুমে সহজলভ্য আম ব্যবহার করে ঘরেই করা যেতে পারে প্রাকৃতিক রূপচর্চা। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে ত্বক পেতে পারে সতেজতা, কোমলতা এবং প্রাকৃতিক উজ্জ্বলতা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























