কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের বৃহৎ শিল্প ও ব্যবসায়িক গ্রুপগুলোর উৎপাদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিবে কেন্দ্রীয় ব্যাংক।
আরিফ হোসেন খান বলেন, দেশের বড় শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, ব্যাংকিং খাতের বড় অঙ্কের ঋণ এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম জড়িত। ফলে কোনো প্রতিষ্ঠান সাময়িক সংকটে পড়লে সেটির প্রভাব যাতে পুরো অর্থনীতিতে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিচ্ছে।
তিনি জানান, এ ধরনের ক্ষেত্রে ঋণদাতা ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়, ঋণ পুনর্গঠনের সুযোগ, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সুবিধা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় এবং রপ্তানি বাজারে চাপের মধ্যে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শিল্পগোষ্ঠীগুলোকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার সিদ্ধান্তটি অর্থনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে কাজ করবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























