দেশটির ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৪ জুলাই ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, নর্থ ক্যারোলাইনার রলি, ভার্জিনিয়ার নরফোক এবং নিউ জার্সির আটলান্টিক সিটিসহ বিভিন্ন শহরে উৎসব চলাকালেই অন্তত ১৮টি স্থানে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়ে।
তবে আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে ইস্ট কোস্ট অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৭০ থেকে ৯০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত এসব এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউ জার্সিতে। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সেখানে ১০টি কাউন্টিতে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মিসিসিপির হিন্ডস কাউন্টিতে দুজন এবং ইলিনয়ের কুক কাউন্টিতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
এদিকে তীব্র গরমের পাশাপাশি পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিপর্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাওয়ারআউটেজেস ডট ইউএস-এর তথ্য অনুযায়ী, মিশিগানে ২ লাখ ১৫ হাজারের বেশি, পেনসিলভানিয়ায় ১ লাখ ৫১ হাজার ৭০০ এবং নিউ জার্সিতে ৯৪ হাজার ২০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সূত্র: এনবিসি নিউজ

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















