জামালপুর শহরের একটি মার্কেটে অভিযান চালিয়ে দুটি পাইপগান, গোলাবারুদ, ককটেল, পেট্রলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকার মনোয়ার আলী মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিসে অভিযান চালায়। এ সময় দুটি পাইপগান, চার রাউন্ড গোলাবারুদ, ছয়টি ককটেল, ছয়টি পেট্রলবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, ‘অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
মনোয়ার আলী মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিসে অভিযান চালানো হয়। অফিসটি কার, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















