পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ তাআলা বলেছেন, “তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।” সুতরাং, নদী-নালা, গাছপালা, কীটপতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশ, পরিবেশ, প্রতিবেশ- আল্লাহর সব সৃষ্টি মানুষের উপকারের জন্য।’
তারেক রহমান বলেন, ‘আল্লাহর সব সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যথানিয়মে সব সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন এটি প্রমাণিত সত্য, ইকোসিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই ইকো সিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















