বিশ্বকাপে টানা দুটি নকআউট ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ তুলেছেন মিশর ও কেপ ভার্দের সমর্থকদের একাংশ। পাশাপাশি বর্ণবাদী আচরণের অভিযোগও সামনে আসায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মিশর প্রথমে ২–০ গোলে এগিয়ে যায়। পরে লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায়।
ম্যাচ চলাকালে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সমতায় ফেরার পর আর্জেন্টিনার কিছু সমর্থক মিশরের সমর্থকদের দিকে বিয়ার ছুড়ে মারছেন।
ভিডিও ধারণকারী এক মিশরীয় সমর্থক বলেন, ‘ওরা আমাদের দিকে বিয়ার ছুড়ে মারছে। আমরা গোল করার পর তাদের কিছুই করিনি। কিন্তু তারা গোল করার পর থেকেই আমাদের ওপর হামলা শুরু করে।’
আরও কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, ম্যাচ শেষে মিশরের কোচিং স্টাফ মাঠ ছাড়ার সময় আর্জেন্টিনার কিছু সমর্থক তাদের উদ্দেশে ইসরায়েলের পতাকা প্রদর্শন করেন।
মিশরের কোচ হোসাম হাসান দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আলোচনায় আসেন। পরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বে যদি কেউ ফিলিস্তিনের মানুষের কষ্ট অনুভব না করেন, তবে তিনি মানুষ নন—তিনি আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোন না কেন।’
এর আগেও আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল।
মায়ামিতে শেষ বত্রিশের ম্যাচে ছোট দেশ কেপ ভার্দে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। ম্যাচ শেষে কেপ ভার্দের সমর্থকেরা অভিযোগ করেন, তাদের দল প্রতিবার গোল করার পর আর্জেন্টিনার সমর্থকেরা তাদের দিকে বিয়ারের বোতল ছুড়ে মারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কেপ ভার্দের এক সমর্থক বলেন, ‘আমরা সংখ্যায় অনেক কম ছিলাম। কিন্তু আমাদের দল গোল করলেই তারা আমাদের লক্ষ্য করে বোতল ছুড়ে মারছিল।’
শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা। এর আগে এসব অভিযোগের বিষয়ে ফিফা কোনো ব্যবস্থা নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি সংস্থাটি।
অন্যদিকে মঙ্গলবারই সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা আইশোস্পিডের প্রতি করা অপমানজনক আচরণের নিন্দা জানানো হয়েছে।
ম্যাচ চলাকালে সরাসরি সম্প্রচারের সময় আর্জেন্টিনার জার্সি পরা এক সমর্থক তাকে উদ্দেশ করে অপমানজনক মন্তব্য করেন। ঘটনার পরপরই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তদন্ত শুরু করেছে।
সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার উৎসব। এই মূল্যবোধ নষ্ট করে এমন কোনো আচরণ তারা মেনে নেবে না।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 























