টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। প্রাণহানির ঘটনাও বেড়েই চলেছে। এমন দুর্যোগে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করছেন দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।
গায়িকা ও অভিনেত্রী সাবরিনা পড়শীও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে সবাইকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পড়শী লেখেন, “দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে—ভাবলেই কষ্ট লাগে।”
সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে পড়শী লেখেন, “এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারো জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।”
পোস্টের শেষাংশে বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা কামনা করে পড়শী লেখেন, “বন্যাকবলিত এলাকার সবাই নিরাপদে থাকুন এবং আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন। আমিন।”
প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক উদ্যোগের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও সহায়তার আহ্বান জানাচ্ছেন। তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকবলিত মানুষ দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















