আগামী এক বছরের মধ্যে সারা দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, “সারা দেশে প্রায় ৪ কোটি পরিবার আছে। আমরা এই পরিবারের নারী প্রধানের হাতে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। নির্বাচনি ইশতেহারে আমরা এ কথা বলেছিলাম। আজ গৌরনদীতে ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছেন। আরো পরিবার বাকি আছে। ধাপে ধাপে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।”
তিনি বলেন, “আমরা সরকার গঠনের পর যে বাজেট পেয়েছিলাম। সেটা ছিল আগের সরকারের তৈরি করা বাজেট। সেখানে ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ ছিল না।”
তারেক রহমান বলেন, “সম্প্রতি আমরা সংসদে বাজেট উপস্থাপন করেছি। এবারের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে সারা দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসতে পারব। সে হিসেবে প্রতি উপজেলায় গড়ে ৭ হাজার ফ্যামিলি কার্ড পাবে। আর আগামী পাঁচ বছরের মধ্যে সব পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।”
তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের এইচএসসি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করব। এদের মধ্যে যেসব মেয়ে ভালো ফল করবে, তাদের বৃত্তির ব্যবস্থা করা হবে। শিক্ষার পাশাপাশি নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্যই আমরা এই ফ্যামিলি কার্ড দিয়েছি।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















