ইরানের ওপর নতুন করে সামরিক হামলা ও দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ পুনর্বহাল করার ঘোষণা দেওয়ার পরও তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের আশা ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে একটি চুক্তি এখনো সম্ভব।
সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’
তিনি দাবি করেন, কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছিল। তবে শেষ মুহূর্তে তেহরান সরে আসে।
ট্রাম্প বলেন, ‘দুই দিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরে তারা চুক্তিটি নিয়ে আরও আলোচনা করার দাবি জানায়।’
এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ পুনর্বহালের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং সেখানে চলাচলকারী জাহাজের কাছ থেকে অর্থ আদায় করা হবে।
ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটি পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, এই দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের অনেক অর্থ পাওয়া উচিত। কারণ, হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনা মূল্যে নিরাপত্তা সেবা প্রত্যাশা করা উচিত নয়।
ট্রাম্পের এসব মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে বৈশ্বিক উদ্বেগও বেড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























