বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ কার্যকরভাবে মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই। এজন্য পুলিশ সদস্যদের নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের নিয়মিত হালনাগাদ রাখতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, মামলা তদন্ত, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে সব ধরনের ভয়ভীতি, অনুরাগ, অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নিজেদের পেশাগত আচরণের মাধ্যমে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে যে বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
এর আগে আইজিপি আলী হোসেন ফকির ৪২তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।
পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।