জনপ্রিয় পপ তারকা ও ‘হানা মন্টানা’ খ্যাত প্রাক্তন অভিনেত্রী মাইলি সাইরাস আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় সিনেমা পরিচালনার কাজও যুক্ত রাখতে চান তিনি।
ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী ড্যারিল হানার সঙ্গে আলাপকালে নিজের এই স্বপ্নের কথা জানান ৩৩ বছর বয়সী এই তারকা।
সাক্ষাৎকারে মাইলি বলেন, পছন্দের ও শ্রদ্ধেয় শিল্পীদের সঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য। অভিনেত্রী ড্যারিল হানাকে উদ্দেশ্যে করে তিনি একসাথে কাজ করার প্রস্তাবও দেন। তবে ভক্তদের পর্দায় তার ফেরার জন্য কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ মাইলি বর্তমানে ব্যস্ত রয়েছেন তার দশম স্টুডিও অ্যালবামের কাজ নিয়ে।
সংগীত জগতে মাইলির নতুন যাত্রার কথা নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে ‘কলাম্বিয়া রেকর্ডস’ ছেড়ে তিনি নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন ‘আটলান্টিক রেকর্ডস’ এর সঙ্গে। নিজের দশম স্টুডিও অ্যালবাম সম্পর্কে বলতে গিয়ে মাইলি জানান, নির্দিষ্ট একটি পরিকল্পনার ওপর ভিত্তি করে অত্যন্ত স্বাভাবিক গতিতে অ্যালবামটির কাজ এগোচ্ছে। মোট ১০টি গান নিয়ে সাজানো হবে এই অ্যালবাম।
সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদত্তা মাইলি এই অ্যালবামটিকে একটি ‘প্রেমের গল্প’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, অ্যালবামের প্রতিটি গান তার বর্তমান জীবনেরই প্রতিচ্ছবি। তবে এবারের কাজের বিশেষত্ব হলো এটি কেবল অন্যকে ভালোবাসার কথা বলে না, বরং নিজের ভেতর খুঁজে পাওয়া ভালোবাসা ও শান্তির গল্প তুলে ধরে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাইলি সাইরাস তার নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ প্রকাশ করেছিলেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























