প্রকাশিত সময় :
০৬:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১২
দক্ষিণী সুপারস্টার ধানুশকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।
তবে ভিডিওটির কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। তা সত্ত্বেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফ্যান পেজে দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করছেন, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন।
তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি। একইভাবে ভাইরাল ভিডিও কিংবা প্রেমের গুঞ্জন—কোনো বিষয়েই এখন পর্যন্ত মুখ খোলেননি ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল।
এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন ম্রুনাল ঠাকুর। তার অভিনীত ‘পূজা মেরি জান’ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এর টিজারও প্রকাশ করা হয়েছে, যদিও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি তিনি তেলুগু সিনেমা ‘রাকা’-র কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।