পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট নটাখোলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজরা হলো- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) ও পাবনা পৌর সদরের দিলালপুর এলাকার মিঠুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে যায়। দুপুরে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে দুজন নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























