কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। ‘কথা দিলাম’, ‘ইচ্ছে নদী’, ‘গাঁটছড়া’, ‘ফাগুন বউ’, ‘সাত ভাই চম্পা’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। বড়পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। বিশেষ করে ‘মন্টু পাইলট’-এ অভিনয় করে দারুণ সাড়া ফেলেন তিনি।
গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে—শোলাঙ্কি তার সহশিল্পী সোহম মজুমদারের সঙ্গে প্রেম করছেন। যদিও কখনো প্রেমের কথা স্বীকার করেননি তারা। বরং গত বছর এক সাক্ষাৎবারে সোহম মজুমদার বলেছিলেন—“শোলাঙ্কি ও আমি খুবই ভালো বন্ধু।” তারপর এ জুটির প্রেম নিয়ে মিশ্র চর্চা হয়েছে।

শোলাঙ্কি রায়
কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, শোলাঙ্কির সঙ্গে সোহমের প্রেম ভেঙে গেছে। আর এই চর্চা উসকে দিয়েছেন স্বয়ং শোলাঙ্কি। গত জুলাই মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী বলেন, “মানুষ: আপনি এখনো কেন সিঙ্গেল? আমি: আমার মনে হয় আমি প্রয়োজনের বেশিই যোগ্য।” আর এটা দেখেই নেটিজেনরা ধারণা করেন—ব্রেকআপ হয়েছে সোহম ও শোলাঙ্কির।
ভাঙা প্রেম নিয়ে নিয়মিত চর্চা হলেও ‘স্পিকটি নট’ শোলাঙ্কি-সোহম। অবশেষে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন সোহম। এই অভিনেতা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও আমি কখনো বলিনি, ‘শোলাঙ্কির সঙ্গে সম্পর্কে আছি।’ শোলাঙ্কিও বলেছে বলে আমার জানা নেই।”

শোলাঙ্কি রায়
খানিকটা ব্যাখ্যা করে সোহম মজুমদার বলেন, “এই সাক্ষাৎকারে আমি যদি আমার ব্যক্তিগত কথা বলা শুরু করি, তাহলে সেটা স্বার্থপরতা হবে। শোলাঙ্কি আমার খুবই ভালো বন্ধু। ওকে আমি খুবই সম্মান করি, তাই এটা নিয়ে কোনো নোংরা মন্তব্য করা বা কোনো কথাই বলতেই চাই না। একটা কথা হবে, সেটাকে নিয়ে আবার পাঁচটা কথা হবে। আমি এটা একদমই চাইছি না। কারণ আমাদের দুজনেরই পরিবার আছে।”
২০১৮ সালের শুরুর দিকে স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েছিলেন। এরপর বরের হাত ধরে নিউজিল্যান্ড পাড়ি জমান। বছর খানেক পর ভারতে ফিরেন শোলাঙ্কি। এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত। তারপর জানা যায় তাদের ডিভোর্স হয়েছে।

শোলাঙ্কি রায়
গত বছর ‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শোলাঙ্কি রায়। এ আলাপচারিতায় বিবাহবিচ্ছেদের কারণ জানান এই অভিনেত্রী। তিনি বলেছিলেন, “আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দুজন দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল, তারপর আমাদের আর সেভাবে কথা হতো না। আমার যখন কাজ শেষ, ও তখন ঘুম থেকে উঠত আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই। কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই, বিষয়টি খুব খারাপ দিকে যাচ্ছে।”
পরের ঘটনা বর্ণনা করে শোলাঙ্কি রায় বলেছিলেন, “পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই। তাছাড়া ধীরে ধীরে বুঝতে পারলাম, ওর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়। আর আমার পক্ষেও সম্ভব হয়নি। অবশ্যই, প্রথম ছয় মাস চেষ্টা করেছিলাম। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।”

শোলাঙ্কি রায়
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও অভিষেক হয়েছে শোলাঙ্কির। ২০২২ সালে ‘বাবা বেবি ও’-এর মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেন যীশু সেনগুপ্ত। নাম লিখিয়েছেন ওয়েব সিরিজেও। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘বিষহরি’। গত বছর হইচইয়ে মুক্তি পায় এটি। বর্তমানে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















