দেশটির পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে, যেখানে জাতীয় ক্রীড়া দলের জার্সিতে মালভিনাস (ফকল্যান্ড), সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের প্রতীক বা মানচিত্র বাধ্যতামূলকভাবে যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
রেডিও ৭৫০-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাস্তানেতো বলেন, ‘আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা সব খেলোয়াড়, জাতীয় দল ও ক্রীড়া প্রতিনিধিদলের পোশাকে মালভিনাসের একটি স্পষ্ট ও দৃশ্যমান পরিচিতি থাকা উচিত।’
বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কর্মকাণ্ড নিয়ে বিতর্কের মধ্যেই এসেছে এই উদ্যোগ। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে ফকল্যান্ডের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্ব দাবি করে একটি ব্যানার প্রদর্শন করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা।
তবে কাস্তানেতোর দাবি, মালভিনাস ইস্যু কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, বরং এটি আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের অংশ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল সুরেনোকে তিনি বলেন, ‘গত বিশ্বকাপে জাতীয় দল যে ব্যানার প্রদর্শন করেছিল, সেটি তরুণদের মনে মালভিনাস প্রশ্নটিকে আবারও সামনে নিয়ে এসেছে। এটি শুধু একটি স্লোগান নয়, বরং জাতীয় অনুভূতির প্রতীক যে মালভিনাস আর্জেন্টিনার এবং আর্জেন্টিনারই থাকা উচিত।’
তিনি আরও জানান, বিলটি ইতোমধ্যে দেশটির নিম্নকক্ষে জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রতিরক্ষা ও ক্রীড়াবিষয়ক কমিটিতে পর্যালোচনার জন্য রয়েছে। অনুমোদন পেলে জাতীয় ক্রীড়া বিষয়ক আন্ডারসেক্রেটারিয়েট আইনটি বাস্তবায়ন করবে।
কাস্তানেতোর ভাষায়, ‘এটি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিষয় নয়। এটি আমাদের জাতীয় পরিচয়ের প্রশ্ন।’
বিলটি আইনে পরিণত হলে ভবিষ্যতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলসহ সব জাতীয় ক্রীড়া দলের জার্সিতে মালভিনাস দ্বীপপুঞ্জের প্রতীক যুক্ত হতে পারে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























