ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চার বছর বয়সী এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ।
তবে এ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি এজিএম-১৫৪ জয়েন্ট স্ট্যান্ড-অফ ওয়েপন (জেএসওডব্লিউ) নামের গাইডেড-গ্লাইড অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বলেও জানা গেছে।
সাধারণত গাইডেড গ্লাইড অস্ত্র বা গ্লাইড বোমা এমন এক ধরনের আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুল-নির্দেশিত সামরিক অস্ত্র, যা নিজস্ব কোনো ইঞ্জিন বা প্রোপালশন সিস্টেম ছাড়াই দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আলজাজিরা বলছে, হামলার শিকার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, সেগুলো জেএসওডব্লিউয়ের অংশ।
তবে অস্ত্রটির ধরন নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাকে ওই হামলায় চার বছর বয়সী আমিরআলিসহ ৫ জন নিহত হয়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করছে, হামলায় ৭০ জনের বেশি আহত হয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশিত ছবিতে এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানকে একই ধরনের একটি অস্ত্র বহন করতে দেখা গেছে।
হামলার লক্ষ্যবস্তু বাড়িটি একটি যোগাযোগ টাওয়ার থেকে প্রায় ২০০ মিটার দূরে ছিল। প্রতিবেদন অনুযায়ী, ব্যবহৃত অস্ত্রটির নির্ভুলতা বিবেচনায় হামলাটি ভুলবশত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ঘটনাস্থলের ধ্বংসাবশেষকে যুক্তরাষ্ট্রের তৈরি নির্ভুল-নির্দেশিত অস্ত্রের অংশ হিসেবে শনাক্ত করার কথা বলা হলেও, কোন অস্ত্র ব্যবহৃত হয়েছিল তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নতা রয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























