প্রকাশিত সময় :
০৫:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৯
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ আখ্যা দিয়েছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। তিনি বলেছেন, কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে সে নিজেই শয়তান।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন গালিবফ।
পোস্টে ইরানের মিনাব ও লামার্দে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করা আগের হামলার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। গালিবফ লেখেন, ‘মিনাব স্কুল: শিশুদের গণহত্যা। লামার্দ স্পোর্টস হল: শিশুদের হত্যা। কুহেস্তাকের বিয়ে: পরিবারের সঙ্গে শিশুদের হত্যা।’
তিনি আরও বলেন, শয়তানের মতো আচরণ করা একটি ‘ছোট শয়তানকে’ যারা রক্ষা করে, তারাই ‘মহাশয়তান’।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সিরিকের কুহেস্তাক এলাকায় একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার অভিযোগের নিন্দা জানানোর পর গালিবফ এসব মন্তব্য করেন।
ইরানি কর্মকর্তাদের দাবি, ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কয়েকটি পরিবার জড়ো হয়েছিল। হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেছেন বাকাই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামলাটিকে ইরানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বৃহত্তর ধারার অংশ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে এ ধরনের হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা সেগুলোকে স্বাভাবিক করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তবে ইরানি কর্মকর্তাদের করা এসব অভিযোগ ও হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।