ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে ওমানে বৈঠক করেছেন মার্কিন কূটনীতিকরা। বৈঠকে ২০২৫ সালের মে মাসে হওয়া যুদ্ধবিরতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস আঞ্চলিক সূত্রের বরাতে জানিয়েছে, গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওমান সরকারের সহযোগিতায় বৈঠকটি আয়োজন করা হয়। এতে মার্কিন দূতাবাসের কূটনীতিকরা অংশ নিলেও দেশটির রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন না।
বৈঠকে হুতি প্রতিনিধিরা যুদ্ধবিরতি অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতে তাদের হামলার লক্ষ্য শুধু সৌদি জাহাজ। অন্য কোনো জাহাজের জন্য বাব আল-মান্দেব প্রণালি দিয়ে অবাধ নৌ চলাচল বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তারা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র অ্যাক্সিওসকে বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের মধ্যে লোহিত সাগর ও সংশ্লিষ্ট অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের বিস্তার ঠেকানো অন্যতম। তবে নির্দিষ্ট ওই বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় দপ্তরটি।
বৈঠকের এক দিন পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন তাদের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।
এর আগে অঞ্চলটির উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়্যদ বদর আল-বুসাইদির মধ্যে ফোনে আলোচনা হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরও বেড়েছে। হুতিরা মক্কার দিকে ড্রোন এবং সৌদি আরবের অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাল্টা হিসেবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি বাহিনী।
তবে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী এখনো কার্যকর কোনো স্থল অভিযান পরিচালনা করতে পারেনি বলে জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























