জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাবর্তনের নির্ধারিত তারিখ নিশ্চিত করা হয়। এদিন সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নির্ধারিত ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে সমাবর্তন আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সমাবর্তনকে সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে তাঁদের।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















