ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাসহ ৫৩ জন লাল কার্ড দেখেছেন। রোববার মিনাস জেরাইসের একটি স্থানীয় প্রতিযোগিতার সেমিফাইনালে এই ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে এক ম্যাচে সর্বোচ্চসংখ্যক লাল কার্ড দেখানোর নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ম্যাচটি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর উবেরল্যান্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই তা বড় ধরনের হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার পর ম্যাচের প্রধান রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোসঘিক মোদেস্তোর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ৪০ জন খেলোয়াড় ও আটজন কর্মকর্তাকে বহিষ্কার করেন। এর আগে ম্যাচের বিভিন্ন সময়ে আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া উবেরল্যান্ডিয়ার পরিচালনা পর্ষদের দুজন সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে বহিষ্কারের সংখ্যা দাঁড়ায় ৫৩।
এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের আতলেতিকো ক্লায়েপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই ঘটনা ঘটেছিল।
রেফারির প্রতিবেদন অনুযায়ী, মামোরের তৃতীয় গোলের পর উদ্যাপনের সময় দলের খেলোয়াড় দাভি প্রতিপক্ষের ডাগআউটের দিকে কটাক্ষ করেন। এরপর উবেরল্যান্ডিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও দিয়াস দস সান্তোস তাকে মোকাবিলা করতে মাঠে ছুটে আসেন। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।
রেফারি আরও অভিযোগ করেছেন, বিভিন্ন ব্যক্তি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের সহিংসতার হুমকি দিয়েছেন। এ ঘটনায় পরে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংঘর্ষের কারণে ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে আরও অভিযোগ ওঠে, উবেরল্যান্ডিয়ার কর্মকর্তারা মামোরের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছেন। অন্যদিকে মামোরের খেলোয়াড়েরা স্বাগতিক দলের সাজঘরে ভাঙচুর চালিয়েছেন।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 






















